বিকালে নিউজিল্যান্ডের মুখোমুখী হচ্ছে স্কটল্যান্ড

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : পাকিস্তানের সঙ্গে গ্রুপ-২ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার দৌড়ে এখন এগিয়ে নিউ জিল্যান্ড। এজন্য শেষ তিন ম্যাচ জিততেই হবে তাদের। শেষ চারে ওঠার এই সম্ভাবনা আরো জোরদার করতে দুবাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে তারা স্কটল্যান্ডের বিপক্ষে।

পাকিস্তানের কাছে হেরে শুরুর পর অলিখিত কোয়ার্টার ফাইনালে ভারতকে হারায় নিউ জিল্যান্ড। তাতে বিরাট কোহলিদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা প্রায় শেষই। কিউইরা শেষ তিন ম্যাচে হোঁচট খেলে পাল্টে যেতে পারে গতিপথ। এই ভুল করতে চান না কেন উইলিয়ামসনরা। বাংলাদেশ সময় বিকাল ৪টায় মুখোমুখি হচ্ছে দুই দল।

জয় তো পেতেই হবে, সঙ্গে নেট রান রেটেও চোখ রাখতে হবে নিউ জিল্যান্ডকে। বিষয়টি মাথায় রেখে বড় জয়ের জন্য খেলবে তারা। প্রত্যাশিতভাবে স্কটল্যান্ড ও নামিবিয়াকে উড়িয়েই দেওয়ার কথা। কিন্তু আফগানিস্তান বাধা পার হওয়া সহজ হবে না।

তাই স্কটল্যান্ডকে যতটা আধিপত্য বিস্তার করে হারানো যায়, ততই নিউ জিল্যান্ডের জন্য ভালো। ব্যাটিং অর্ডারে উইলিয়ামসন, মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল ও ডেভন কনওয়েকে গুরুদায়িত্ব নিতে হবে। আর বোলিংয়ে ট্রেন্ট বোল্ট, টিম সাউদির পেস তো আছেই।

প্রতিপক্ষ দুর্বল হলেও তাই দাপুটে জয়ের চোখ রেখে পূর্ণ শক্তিশালী দল নিয়েই নামবে নিউ জিল্যান্ড।

অন্যদিকে প্রথম রাউন্ডের সবগুলো ম্যাচ জিতে সুপার টুয়েলভে এসে নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে দুটি ম্যাচই হেরেছে স্কটল্যান্ড। আফগানিস্তানের কাছে ৬০ রানে গুটিয়ে গিয়ে ১৩০ রানে হার। নামিবিয়ার বিপক্ষেও ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেননি। নিউ জিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে চমক তারা দেখাতে পারেন কি না অপেক্ষায় ক্রিকেট ভক্তরা, বিশেষ করে তারা শতভাগ সমর্থন পাবে ভারতীয় সমর্থকদের।