বাহারছড়ায় তহশীলদার আব্দুল জব্বারের প্রশংসনীয় ভূমিকা : গরীব আইসক্রিম বিক্রেতার বসত ভিটা বিনা খরচায় নামজারী সৃজন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

নিজস্ব প্রতিবেদক :
বিনা খরচায় গরীব আইসক্রিম বিক্রেতার বসতভিটার নামজারী খতিয়ান সৃজন করে প্রশংসনীয় ভূমিকা রাখলেন বাহারছড়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা তহশীলদার আব্দুল জব্বার।
জানা যায়, ইউনিয়নের স্থায়ী বাসিন্দা মোহাম্মদ ইসমাইল (প্রকাশ আমীর সাহেব) একজন গরীব-অসহায় ব্যক্তি। তিনি আইসক্রিম ফেরী করে জীবিকা নির্বাহ করেন। তার নিজস্ব কোন জমিজমা ছিল না। ফলে তিনি খাস জমিতে পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। বছর খানেক আগে তিনি স্থানীয় চেয়ারম্যান মৌলানা আজিজ উদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় ৩.৬৭ শতাংশ জমি খরিদ করেন। কিন্তু নামজারী সৃজনের খরচ না থাকায় তিনি উক্ত জমির নামজারী খতিয়ান সৃজন করতে পারছিলেন না।
মোহাম্মদ ইসমাইল জানান, আমি আমার বসত ভিটার জন্য জমি রেজিস্ট্রি করার পর এক বছর যাবৎ খতিয়ান করার অপেক্ষায় ছিলাম। কারন জমির খতিয়ান করতে যে টাকার প্রয়োজন ছিল, তা আমার কাছে ছিল না। পরে বাহারছড়া ইউনিয়নে ভূমি অফিসটি স্থাপন হওয়ায় তিনি উক্ত অফিসের তহশীলদার আব্দুল জব্বারের নিকট নামজারী খতিয়ান করার জন্য শরণাপন্ন হন। আমি তাহাকে বিস্তারিত সমস্যা বলার পর বিনামূল্যে আমার বসত ভিটার নামজারী খতিয়ান করে দেন। এতে আমি জমির মালিকানা লাভ করি। বাহারছড়া ইউনিয়নের তহশীলদার আব্দুল জব্বারের সহায়তায় এটি সম্ভব হয়েছে বলে উল্লেখ করে তিনি তার প্রতি কৃতজ্ঞতা জানান। এদিকে বাহারছড়া ইউনিয়ন তহশীলদার আব্দুল জব্বার জানান, গরীব লোকটি তার অসহায়ত্বের কথা জানালে আমি টেকনাফ উপজেলা ভূমি কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) প্রনয় চাকমার সাথে পরামর্শ করে নিজস্ব তহবিল থেকে তার নামজারী খরচ প্রদান করি।