স্পোর্টস ডেস্ক |
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে সফরকারী ইংল্যান্ড ২৪০ রানে গুটিয়ে গেছে। ফলে দুই ইনিংস মিলে স্বাগতিক বাংলাদেশের সামনে তারা জয়ের জন্য ২৮৬ রানের লক্ষ্য নির্ধারণ করেছে।
৮ উইকেটে ২২৮ রান থেকে রোববার চতুর্থ দিনের খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান ক্রিস ওকস এবং স্টুয়ার্ট ব্রড।
মাত্র ১২ রান যোগ করেই তারা গুটিয়ে যায়। দলীয় ২৩৩ রানে রানআউট হন ব্রড। আর গ্যারথ ব্যাটিকে তাইজুল ইসলাম এলবিডব্লিউর ফাঁদে ফেললে ইংলিশরা ২৪০ রানে গুটিয়ে যায়।
অবশ্য তাইজুলের এই উইকেটটিও এসেছে রিভিউ নিয়ে। সবমিলে টাইগার বোলারদের মধ্যে দ্বিতীয় ইনিংসে সাকিব ৫টি, তাইজুল ২টি এবং মেহেদী হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বি একটি করে উইকেট তুলে নেন।
চট্টগ্রাম টেস্টে টস জিতে ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ২৯৩ রান। জবাবে ভালো শুরু করেও স্বাগতিক বাংলাদেশ ২৪৮ রানে গুটিয়ে যায়।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে আগে দুই শতাধিক রান তাড়া করে জেতার রেকর্ড বাংলাদেশের নেই। হাতে পুরো দু’দিন সময় রয়েছে। এখন দেখার, দ্বিতীয় ইনিংসে ২৮৬ রান তাড়া করে মুশফিকরা সেই রেকর্ড নিজেদের করে নিতে পারেন কি না।
ফিরে গেলেন ইমরুল
তামিমের বিদায়ের পর মুমিনুলকে সঙ্গে নিয়ে স্বাগতিকদের আশা দেখাচ্ছিলেন ইমরুল। তবে আদিল রশিদের বলে সুইপ করতে গিয়ে রুটের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেছেন বিপদজনক হয়ে ওঠা ইমরুল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২ উইকেটে ৮৫ রান।
এর আগে ইংল্যান্ডের দেওয়া ২৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল টাইগার দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। তবে সবাইকে হতাশ করে মইন আলির বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৯ রানে বিদায় নেন বাংলাদেশের সেরা উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল।
এদিকে তৃতীয় দিনের ২৭৩ রানের লিডকে খুব বেশি দূর নিতে পারেনি সফরকারী ইংল্যান্ড। চতুর্থ দিনের শুরুতে আগের ২২৮ রানের সঙ্গে মাত্র ১২ রান যোগ করে শেষ হয় সফরকারীদের দ্বিতীয় ইনিংস।
চতুর্থ দিনে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই সাকিবের বলে দ্রুত এক রান নিতে গিয়ে রান আউট হন স্টুয়ার্ট ব্রড (২৭ বলে ১০)। মেহেদী হাসান মিরাজের দারুণ থ্রোতে বাকি কাজটুকু করেন মুশফিক। আর দ্বিতীয় নতুন বলে গ্যারেথ ব্যাটিকে (৮ বলে ৩) এলবিডব্লিউ করে ইংল্যান্ডকে গুটিয়ে দেন তাইজুল ইসলাম। আর এতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৮৬।
