এম.জিয়াবুল হক, চকরিয়া :
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাঠপর্যায়ে দরিদ্র, অসহায় ও দুঃস্থ মহিলাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলা নারী উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী ্উপলক্ষ্যে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ আলহাজ জাফর আলম বলেছেন, একজন স্বামীর কাছে স্ত্রীই হচ্ছেন সবকিছুর প্রেরণাদায়ী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছায়াসঙ্গী হিসেবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবও তেমনই একজন মহীয়সী নারী। সাংসারিক ঝামেলার পাশাপাশি জাতির পিতার বঙ্গবন্ধুর রাজনৈতিক সংগ্রামের প্রতিটি পদক্ষেপে তিনিই ছিলেন একমাত্র সাহস দেওয়ার মতো ছায়াসঙ্গী।
এমপি জাফর আলম আরও বলেন, বঙ্গবন্ধু একদিনেই জাতির পিতা হয়ে উঠেননি। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের দীর্ঘ তেরটি বছর কারাগারেই কাটিয়েছেন। সারাজীবন বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। আর তাঁর পাশে থেকেই সবসময় প্রেরণা দিয়ে গেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। সংগ্রামে, সঙ্কটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্ভীক একজন সহযাত্রী হিসেবেই ছিলেন বঙ্গমাতা। আজ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকীতে তাঁর আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।##
