টেকনাফ টুডে ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক উক্তি ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ জাতিসংঘ সাধারণ পরিষদের রেজল্যুশনে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার সাধারণ পরিষদে গৃহীত ‘ইন্টারন্যাশনাল ইয়ার অব ডায়ালগ অ্যাজ এ গ্যারান্টি অব পিস, ২০২৩’ শীর্ষক রেজল্যুশনের ১৪তম প্যারায় সন্নিবেশ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক উক্তি। এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি।
জাতিসংঘের বাংলাদেশ মিশন থেকে গতকাল পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কভিড পরবর্তী সময়ে বিশ্ব ব্যবস্থা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বৈশ্বিক প্রেক্ষাপটে সাধারণ পরিষদের প্লেনারিতে রেজল্যুশনটি উত্থাপন করে তুর্কমেনিস্তান। এটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এদিকে বাংলাদেশ সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, বিশ্বমানবতা ও বিশ্বশান্তির অন্যতম প্রবক্তা বঙ্গবন্ধুর ঐতিহাসিক উক্তিটি এবারই প্রথমবারের মতো জাতিসংঘ রেজল্যুশনে সন্নিবেশিত হয়েছে। রেজল্যুশনটির চতুর্দশ অনুচ্ছেদে বঙ্গবন্ধুর উক্তিটি যেভাবে সন্নিবেশিত হয়েছে, তা হলো ‘দারিদ্র্য, ক্ষুধা, রোগ, নিরক্ষরতা এবং বেকারত্বের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্ব স্বীকার করে এবং গঠনমূলক সহযোগিতা, সংলাপ এবং পারস্পরিক বোঝাপড়ার চেতনায় সবার সঙ্গে বন্ধুত্ব এবং কারও প্রতি বিদ্বেষ নয় মর্মে জোর দেওয়া হলে তা এই উদ্দেশগুলো অর্জনে সহায়তা করবে।
উল্লেখ্য ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণদানকালে জাতির পিতা যে বিষয়গুলোর ওপর জোর দিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার কথা বলেছিলেন, সেগুলোর ধারণামূলক ভিত্তি থেকে এই অনুচ্ছেদটির প্রস্তাবনা তৈরি করা হয়। রেজল্যুশনটিতে দক্ষিণ এশিয়ার সব দেশসহ ৭০টি দেশ কো-স্পনসর করে।
