বগুড়ায় পাসপোর্ট করতে আসা রোহিঙ্গা নারী জাহিদা বেগম।
টেকনাফ টুডে ডেস্ক |
বগুড়ায় পাসপোর্ট করতে যাওয়া রোহিঙ্গা নারী জাহিদা বেগমকে (১৯) কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। সদর থানা পুলিশ তাকে আটক করেছিল।
জিজ্ঞাসাবাদে জাহিদা বেগম জানিয়েছেন, তার বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের মনডু থানার গড়াখালি পাড়ায়। দালালদের খপ্পড়ে পড়ে তিনি বাংলাদেশি পাসপোর্ট করতে এসেছিলেন।
বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, মালয়েশিয়া যাওয়ার প্রলোভন দিয়ে দালালদের একটি চক্র বুধবার তাকে কক্সবাজারের আশ্রয় শিবির থেকে বগুড়া পাসপোর্ট অফিসে নিয়ে আসে। সেখানে ওই নারী নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়ে পাসপোর্ট করার জন্য কাগজপত্র দাখিল করেন।
তিনি জানান, তার অসংলগ্ন কথাবার্তায় রোহিঙ্গা বলে সন্দেহ হলে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা থানায় খবর দেন। পরে তাকে থানা হেফাজতে নেয়া হয়। থানায় আসার পরও পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি পরিচয় গোপন করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শনিবার তার পরিচয় জানিয়ে দালালদের কবলে পড়ার কথা জানান। পরিচয় পাওয়ার পর তাকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।
জাহিদা বেগম বগুড়ার পুলিশ কর্মকর্তাদের জানান, রাখাইনের পুলিশ ও সেনা অভিযানের সময় তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়া হয়। সেনারা তার পরিবারের অনেককে গুলি করে হত্যা করেছে। এরপর প্রাণ ভয়ে তিনি তার মাসহ পরিবারের অন্যান্যদের সঙ্গে বাংলাদেশের কক্সবাজারে পালিয়ে আসেন। সেই থেকে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পেই ছিলেন। দালালরা তাকে মালয়েশিয়া পাঠানোর কথা বলে বগুড়া এনেছেন।
