টেকনাফ টুডে ডেস্ক : যুক্তরাষ্ট্র সফর শেষে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৪ মে) স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।
এর আগে, বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন তিনি।
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য লন্ডন সফর করছেন প্রধানমন্ত্রী।
শুক্রবার তিনি বাকিংহাম প্যালেসে নতুন রাজার রাজ্যাভিষেকের আগাম সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এদিন তিনি কমনওয়েলথ নেতাদের সঙ্গে একটি অনুষ্ঠানেও যোগ দেবেন।
শনিবার ওয়েস্টমিনিস্টারে রাজ্যাভিষেকের অনুষ্ঠানে অংশ নেবেন।
এছাড়াও লন্ডন সফরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিবেন। যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের একটি সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।
জাপানে ৪ দিনের দ্বিপাক্ষিক সফর শেষে গত শুক্রবার (২৮ এপ্রিল) বিশ্বব্যাংকের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্বের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দেন তিনি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও বিশ্বব্যাংক ২.২৫ বিলিয়ন ডলারের ৫টি প্রকল্প বাস্তবায়নের চুক্তি স্বাক্ষরিত হয়।
