এম.জিয়াবুল হক, চকরিয়া :
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাহাড়ি জনপদে বাড়ি ফেরার পথে দলছুট বন্যহাতির অতর্কিত আক্রমনে মোহাম্মদ বাপ্পী (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের অলীবাপের জুম এলাকায় ঘটেছে এ ঘটনা। নিহত বাপ্পী ওই এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, রোববার রাতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের অলীবাপের জুম এলাকার হিন্দু পাড়াস্থ দোকান থেকে কিছু মালপত্র কিনে একা বাড়ি যাচ্ছিলেন বাপ্পী। ওইসময় পথিমধ্যে একটি বন্যহাতির সামনে পড়ে যায় সে। এসময় অতর্কিতভাবে তার উপর আক্রমন করে ওই হাতিটি। ঘটনার সময় তাঁর শোর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে বলে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় সংবাদকর্মী কাদের হোসেন।
