এম জিয়াবুল হক : শাররীক প্রতিবন্ধী বিধবা নারী খালেদা বেগমকে মাথাগোঁজার ঠাই একটি নতুন বাড়ি তৈরি করে দিয়ে মানবিকতার উদাহরণ সৃষ্টি করেছেন কক্সবাজারের চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র মুজিবুল হক মুজিব।
ব্যক্তিগত তহবিলের অর্থায়নে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দুইবারের কাউন্সিলর ও ১ নম্বর প্যানেল মেয়র মুজিবুল হক মুজিব প্রতিবন্ধী খালেদা বেগমকে নতুন বাড়ি উপহার দিয়ে রীতিমতো একজন মানবিক সেবকের পরিচয় দিয়েছেন। ইতোমধ্যে চকরিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের পুর্ব কোচপাড়া এলাকায় খালেদা বেগমের বসতভিটায় তৈরি করা নতুন বাড়ি আনুষ্ঠানিক বুঝিয়ে দিয়েছেন।

এলাকাবাসী বলেন, পৌর কাউন্সিলর মুজিবুল হক মুজিব এলাকা পরিদর্শনকালে এক সপ্তাহ পূর্বে প্রতিবন্ধী খালেদা বেগমকে বাড়ি করে দিবেন বলে প্রতিশ্রুতি দেন। এরই প্রেক্ষিতে মাত্র সাতদিনের মধ্যে নিজ তহবিলের অর্থায়নে টিনশেড নতুন বাড়ি তৈরি করে দিয়ে বাড়ির মালিক খালেদা বেগমকে বুঝিয়ে দেন। শারীরিক প্রতিবন্ধী বিধবা খালেদা বেগমের পরিবারে ২ টি শিশু রয়েছে। বর্তমানে তিনি নিদারুণ দু:খ কষ্টে দিন যাপন করছেন।
চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র মো মুজিবুল হক মুজিব বলেন, আমি সবসময় অসহায়, দরিদ্র, অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। দুঃখী মানুষের কষ্ট সহ্য করতে পারি না। এজন্য খবর পেলেই তাদের পাশে ছুটে যাই। দুইযুগের বেশি সময় ধরে রোদ বৃষ্টিতে খুবই কষ্ট জীবন যাপন করার খবর পেয়ে ততক্ষণাৎ খালেদার বাড়ি পরিদর্শন করি। তার অবস্থা দেখে আমাকে হতাশা করেছে।
তিনি বলেন, গরীব অসহায় মানুষের আর্তনাদ দেখে বসে থাকতে পারি না। প্রতিবন্ধী খালেদা বেগমকে আজকে বাড়ি তৈরি করে দিয়েছি। আগামীতেও তার জন্য সহযোগিতা অব্যাহত থাকবে।
খালেদা বেগম বলেন, কাউন্সিলর মুজিব আমাকে বাড়ি করে দিয়েছে। তাতে আমি অনেক খুশি। নামাজ পড়ে তার জন্য দোয়া করব। ২০-২২ বছরের বেশি সময় ধরে কাকের বাসার মতো বাড়িতে জীবন যাপন করে আসছি। আমার স্বামী নেই। দুটি সন্তান আছে। আব্দুল্লাহ আল মাসুম(৫), নুসাইবা জন্নাত তাকওয়া (৩) কে নিয়ে বর্তমানে খুবই কষ্টে জীবন যাপন করছি। আমার দু:সময়ে পাশে এসে দাঁড়ানোর জন্য আমাদের কাউন্সিলর মুজিবুল হক মুজিবকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। #
