টেকনাফ টুডে ডেস্ক :
অভ্যন্তরীণ চাহিদা পূরণ এবং সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে পাঁচ লাখ টন অপরিশোধিত লবন আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সরকার নির্ধারিত আমদানিকারকরা এ লবন আমদানির করতে পারবেন। আয়োডিনযুক্ত ভোজ্য লবনের উপযুক্ত মান নিশ্চিত করে লবন বাজারজাত করতে হবে।
একই পদ্ধতিতে গতবছর দুই দফায় মোট আড়াই লাখ টন অপরিশোধিত লবন আমদানি করেছে সরকার। যদিও বর্তমান আমদানি নীতিতে লবন আদমানি নিষিদ্ধ।
তবে দেশের মানুষের প্রয়োজনে এ বিধান সাময়িকভাবে স্থগিত করে এ লবন আমদানি করা হচ্ছে। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসীর পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের চাহিদা মোতাবেক লবন উৎপাদনের জন্য চাষিদের সরকার সবসময়ই উৎসাহ প্রদান করে আসছে।
তাই লবন আমদানির ক্ষেত্রে দেশের লবন উৎপাদনকারীদের সবসময় সরকার স্বার্থ রক্ষা করে থাকে। কিন্তু এবার ঘুর্ণিঝড় মোরায় এবং বৃষ্টির কারণে লবন উৎপাদন ক্ষতিগ্রস্থ হয়েছে।
সবদিক বিবেচনায় নিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয় ৫ লাখ টন অপরিশোধিত লবন আমদানির উদ্যোগ গ্রহণ করেছে।
