পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নিজস্ব প্রতিনিধি :
কক্সবাজারের রামুতে শেষ হয়েছে বৌদ্ধদের অন্যতম সর্বোচ্চ ধর্মীয় গুরু একুশে পদকপ্রাপ্ত প্রয়াত সত্যপ্রিয় মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া। শনিবার রাত ৮টায় কেন্দ্রীয় সীমা মহাবিহার সংলগ্ন মাঠে দাহশালায় অগ্নিসংযোগের মধ্য দিয়ে সত্যপ্রিয় মহাথেরোকে অন্তিম বিদায় জানানো হয়।
এর আগে বিকেলে শেষদিনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উসৈশিং এমপি। উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়–য়া, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, কানিজ ফাতেমা আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সুকোমল বড়–য়া প্রমূখ।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ৩ দিনের অনুষ্ঠানের শেষ দিনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সত্যপ্রিয়’র মরদেহে শ্রদ্ধঞ্জলী অর্পণ, দৃষ্টিনন্দন আলংনৃত্য, আলোচনা সভা ও একযোগে এক হাজার বৌদ্ধ ভিক্ষুর পিন্ডাচরণ। অনুষ্ঠানে চীন, জাপান, ভারত, শ্রিলংকা, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের ধর্মীয় নেতৃবৃন্দ অংশ নেন। শোক উদযাপনের এ উৎসব পরিনত হয়েছে লাখো মানুষের মিলন মেলায়।
এদিকে, গত ৪ অক্টোবর ঢাকা বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমণ করেন সত্যপ্রিয় মহাথের। ধর্মীয় রীতি অনুসারে মরদেহ ১৪৮ দিন সংরক্ষণের পর তাঁর দাহক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষ্যে ২২ ফেব্রæয়ারি থেকে সম্প্রীতির মেলা বসে মেরংলোয়া মাঠে।