চকরিয়ায় বাড়ির পাশে ছড়াখালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় খেলতে গিয়ে ছড়াখালের পানিতে ডুবে আলিফা আক্তার (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের নুনাছড়ি ছড়াখালে এ ঘটনা ঘটে। নিহত আলিফা আক্তার ওই এলাকার মোহাম্মদ মিজানের কন্যা।
নিহতের চাচা মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বুধবার সকালে শিশু আলিফা পরিবারের অগোচরে বাড়ির পাশে ছড়াখালে খেলতে নামে। অনেকক্ষণ ধরে তার খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা খোঁজতে থাকে। এক পর্যায়ে আলিফাকে ছড়াখালের পানিতে ডোবা অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেহরাজ উদ্দিন মিরাজ। তিনি বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবরটি শুনেছি। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করে নিহত শিশুর মরদেহ দাফন করার ব্যবস্থা করা হয়। আলিফার মৃত্যুতে পরিবারসহ স্থানীয় প্রতিবেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।###