পদ্মা সেতুর ৩২তম স্প্যান তীব্র স্রোতে বসানো গেল না

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : মাওয়া প্রান্তের চার ও পাঁচ নম্বর খুঁটির ওপর আজ শনিবার সকাল থেকেই পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসানোর চেষ্টা চলছিল। ৩১তম স্প্যান বসানোর চার মাস পর এই স্প্যানটি বসানোর কথা ছিল আজ। এটি বসানোর পর মূল সেতুর অবকাঠামোর দৈর্ঘ্য দাঁড়াবে ৪ হাজার ৮০০ মিটার বা প্রায় ৫ কিলোমিটার।

গত আগস্ট-সেপ্টেম্বরে পাঁচটি স্প্যান খুঁটির ওপর বসানোর লক্ষ্য ছিল। কিন্তু মাওয়া প্রান্তের মূল পদ্মায় প্রচণ্ড স্রোত থাকায় একটি স্প্যানও বসানো সম্ভব হয়নি। এখন পদ্মায় বন্যার পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে স্রোতের তীব্রতাও স্বাভাবিক গতিতে ফিরেছে। ফলে পদ্মা সেতুর নির্মাণ কাজেও গতি ফিরেছে।

৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুতে মোট ৪২টি খুঁটি নির্মাণ করা হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্তে ২১টি ও জাজিরা প্রান্তে ২১টি। আর ৪২টি খুঁটির ওপর বসবে ৪১টি স্প্যান।

সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আ. কাদের বলেন, ‘শনিবার দুপুর দেড়টার দিকে ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার “তিয়ান ই” ভাসমান ক্রেনে বহন করে রওনা দেয়। নির্ধারিত পিলারের কাছে পৌঁছায় দুপুর ২টার দিকে। আড়াই ঘণ্টা চেষ্টার পরে বিকেল সাড়ে ৪টার দিকে খুঁটির ওপর স্প্যান বসানো সম্ভব হয়নি প্রবল স্রোতের কারণে। তাই পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসানোর কার্যক্রম আজ স্থগিত রাখা হয়।‘ আগামীকাল রোববার ফের স্প্যান বসানোর চেষ্টা করা হবে।