টেকনাফ টুডে ডেস্ক : করোনা ভাইরাসের কারণে থমকে গেছে বিশ্ব অর্থনীতি। বাড়ছে দারিদ্র্যতা। এ অবস্থায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) প্রধান ডেভিড বেসলে। গত বুধবার কানাডাভিত্তিক সংবাদমাধ্যম গ্লোব অ্যান্ড মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দরিদ্রদের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করা না গেলে অন্তত তিন কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে।
বেসলে জানান, বিভিন্ন দেশের সরকারের আর্থিক সহায়তায় বিশ্বে অন্তত ১০০ মিলিয়ন মানুষের মুখে খাবার তুলে দেয় ডব্লিউএফপি। তার মধ্যে অন্তত ৩০ মিলিয়ন (তিন কোটি) মানুষ খাবার না পেলে অনাহারে মারা যাওয়ার ঝুঁকিতে আছে। জীবন বাঁচাতে হলে তাদের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
এদিকে করোনা ভাইরাসের কারণে বিভিন্ন দেশ জাতিসংঘ ও ডব্লিউএফপিকে অর্থ সহায়তা বন্ধ করে দিতে পারে। আর এতে বিপর্যয় আরও বেড়ে যাবে বলে মনে করেন ডেভিড বেসলে। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, যদি আমরা অর্থায়ন বন্ধের কবলে পড়ি, সর্বনিম্ন ৩০ মিলিয়ন মানুষ মারা যাবে।
তিন মাসের বেশি সময় ধরে দিনে তিন লাখ মানুষের মৃত্যু হবে। সে কারণেই করোনা ভাইরাস মোকাবিলায় গৃহীত পরিকল্পনার সঙ্গে অর্থনীতির বিষয়টি বিবেচনা করার কথাও বলেছেন তিনি।
