বিশেষ প্রতিবেদক : টেকনাফের হোয়াইক্যং নয়াবাজার ষ্টেশনে জমি বিরোধের জেরধরে রাতের অন্ধকারে দোকান-পাটে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এরপর ক্ষমতাসীন দলের ব্যানার লাগিয়ে একপক্ষ অপর পক্ষকে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে। এই ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
জানা যায়, ১২ নভেম্বর রাত ২টারদিকে হোয়াইক্যং নয়াবাজারের জনৈক ছৈয়দ হোসেন ও হাফেজ নুরুল হোসেনের মধ্যে রুমা ফার্মেসী নামের দোকানের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরধরে নুর হোসেনের ফার্মেসীতে হামলা ও ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। পরে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের অফিস বলে ব্যানার টাঙ্গিয়ে দেওয়া হয়। জমি নিয়ে দু’জনের বিরোধের মধ্যে তা নিয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের ঘটনায় সুশীল সমাজের মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দেয়।
এই ঘটনার জন্য পৌর সচিব ছৈয়দ হোসেন গংকে আসামী করে ফার্মেসীর মালিক হাফেজ নুর হোসেন গং থানায় একটি অভিযোগ দায়ের করলে বিকালে টেকনাফ মডেল থানার এসআই মহি উদ্দিন ও বুলবুল ঘটনাস্থল পরিদর্শনে গেলে উভয়পক্ষের মধ্যে আবারো বাক-বিতন্ডা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পরিদর্শন শেষে ফিরে যায়।

স্থানীয় ইউপি মেম্বার বাদশা মিয়া জানান, এই জমি নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ফার্মেসী মালিক ছৈয়দ হোসেন গং হামলা,ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ আনছে হাফেজ নুর হোসেন। ছৈয়দ হোসেন বলছে সে ঘটনার আগের দিন হতে কক্সবাজার অবস্থান করছে। তাই প্রকৃত ঘটনা কি বুঝে উঠা কঠিন হয়ে পড়েছে। থানায় যেহেতু অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ তদন্ত করে প্রকৃত ঘটনা বের করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে প্রত্যন্ত এলাকায় এসব জমি বিরোধ, দখল-জবরদখল ও মামলার ঘটনায় জড়িতদের পাশাপাশি সাধারণ নিরীহ মানুষও হয়রানির শিকার হয়ে আসছে। তাই এই ধরনের প্রতিপক্ষকে ঘায়েলের বিষয়টি সঠিক তদন্ত করে দেখা দরকার।
