নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে গুলি চালিয়ে ডাকাতি, আটক-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

অনলাইন ডেস্ক :
কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে গুলি চালিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প বিকাশ মোড় বি-ব্লকে এ ঘটনা ঘটে।

ডাকাতদের হামলায় বি-ব্লকের দোকানদার আবু বকর ও তার ছেলে মোহাম্মদ ইউছুফ আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে দিয়েছে স্থানীয়রা।

আটকরা হলেন- আবুল কালাম মাঝি ও আনোয়ার সাদেক। তারা একই ক্যাম্পের ই ব্লক-১ নম্বরের বাসিন্দা। তারা ডাকাত দলের সদস্য বলে দাবি করেছেন রোহিঙ্গা নেতারা।

টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের দায়িত্বরত পুলিশের এসআই আবু রেদোয়ান বলেন, নয়াপাড়া শরণার্থী ক্যাম্প বি-ব্লকের বিকাশ মোড়ে গুলির শব্দ শুনে ছুটে যাই। পুলিশ দেখে ডাকাতদল গুলি বর্ষণ করে পাহাড়ের দিকে পালিয়ে যায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে আটক করা হয়।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়য়া জানান, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার সূত্রপাত বলে জেনেছি। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা পুলিশের হেফাজতে কক্সবাজারে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। তবে গুলি চালানোর খবর সঠিক নই বলে দাবী করেন তিনি।