টেকনাফ টুডে ডেস্ক : পারিবারিক বিরোধের জেরে নাতির আঘাতে নানি সরলা বিশ্বাস (৯২) এর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে নড়াইল জেলার কালিয়া উপজেলার পাখিমারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সরলা বিশ্বাস পাখিমারা গ্রামের মৃত খগেন্দ্রনাথ বিশ্বাসের স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃদ্ধা সরলা বিশ্বাস জামাতা পরিমল বালা-এর বাড়িতে বসবাস করতেন। পরিমল বালার লগ্নিকরা এক লাখ সুদের টাকার ভাগাভাগি নিয়ে তার দুই ছেলে প্রসেনজিত বালা ও প্রদীপ বালার মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সাবেক ইউপি সদস্য নির্মল কুমার মন্ডলসহ প্রতিবেশীরা সুদের টাকা প্রসেনজিত ও প্রদীপকে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত দেন। শুক্রবার সকাল ৬টার দিকে এই নিয়ে প্রসেনজিৎ বালার সাথে কথা কাটাকাটি ও ধস্তধ্বস্তি হয় সরলা বিশ্বাসের। এক পর্যায়ে প্রসেনজিৎ বালা ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে আহত হন সরলা বিশ্বাস। পরে তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
উপজেলার নড়াগাতি থানার ওসি রোকসানা খানম বলেন, ধস্তাধস্তিতেই পড়ে গিয়ে সরলার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পারিবারিক অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
