নাফ নদ থেকে ৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে মুক্তিপন দাবী মিয়ানমার বিজিপি’র

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago
ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি :

নাফ নদ থেকে একটি ইঞ্জিন চালিত নৌকাসহ চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)। মঙ্গলবার সকালে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদ এলাকা থেকে বিজিপি তাদের ধরে নিয়ে যায়।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপ বাজার পাড়ার বাসিন্দা আজিম উল্লাহ (মাঝি), মোহাম্মদ আবদুল্লাহ, আবুল কালাম ও মোহাম্মদ হাসান।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে শাহপরীর দ্বীপের বাসিন্দা আমান উল্লাহর মালিকাধীন একটি ট্রলারে করে চার মাঝি নাফ নদে মাছ ধরতে যান। কিছুক্ষণ পর মিয়ানমার থেকে বিজিপির একটি দল স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে ধরে নিয়ে যায়।

নৌকা মালিক আমান উল্লাহ জানান, সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান বিষয়টি বিজিবি ক্যাম্পে জানিয়েছেন তিনি। তিনি আরো জানান, কয়েকদিন ধরে জেলেদের জালে কিছু কিছু ইলিশ মাছ ধরা পড়ছিল তাই ভোরে চাচাতো ভাই আজিম উল্লাহ মাঝি অন্যদের নিয়ে নাফ নদে যায়। সকালে জানতে পারেন তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে সকাল ৭টার দিকে মিয়ানমার থেকে ফোনে ধরে নিয়ে যাওয়া জেলেদের ছেড়ে দেওয়ার বিনিময়ে ৩ লাখ টাকা মুক্তিপন চাওয়া হয়েছে। পরে আবার জেলেদের মারধর করে তা মুঠোফোনে তাকে শুনানো হয়েছে বলে জানান তিনি। ৩ লাখ টাকা মুক্তিপন দেওয়ার সেই সাধ্য তার নেই বলেও জানান।

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ফয়সাল হাসান খান বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।