আব্দুল মাবুদ, শাহপরীরদ্বীপ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে রোববার রাতে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনায় ১ শিশুর মৃতদেহ ও ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্তত ৩৭জন নিখোঁজ হয়েছেন।
নাফ নদীর গোলারচর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় বিজিবি এ কোস্টগার্ডের সদস্যরা দুই শিশু ৩ নারী সহ ১৩জনকে উদ্ধার করেছে।
শাহপরিরদ্বীপ বিওপির বিজিবির কোম্পানি কমান্ডার আ. জলিল যুগান্তরকে জানান, উদ্ধার করা রোহিঙ্গারা জানিয়েছেন নৌকাটিতে কমপক্ষে ৫০জন যাত্রী ছিল।
রোববার রাত ১০টার দিকে শাহপরীরদ্বীপ গোলারচর পয়েন্টে মিয়ানমার দিক থেকে আসা রোহিঙ্গা বোঝাই নৌকাটি ভাটার সময় দমকা হাওয়ার কারণে উল্টে গিয়ে ডুবে যায়।
ঘটনার পর দুই শিশুসহ ১৩জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া কোস্টগার্ড সদস্যরা এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছেন বলে শুনেছেন তিনি।
নিখোঁজদের সন্ধানে বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা কাজ করছে বলেও জানান তিনি।
