টেকনাফ প্রতিনিধি :
ঈদে টেকনাফের নাফ নদীতে ভ্রমণে গিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে মো. আমিন (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে নাফ নদীর ১নং স্লুইচ গেট এলাকা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয় বলে জানান টেকনাফস্থ কোস্টগার্ড স্টেশনের লে. কমান্ডার জাফর ইমাম সজীব।
তিনি বলেন, নাফ নদীতে বিহিঙ্গী জালে ওই শিশুর লাশটি আটকা পড়ে। স্থানীয় জেলেরা বিষয়টি দেখে কোস্টগার্ডের তল্লাশী টীমকে খবর দেয়। পরে স্বজনদের বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি আমিনের বলে শনাক্ত করে।
মো. আমিন টেকনাফ পৌরসভা এলাকার ইসলাবাদের সাব্বির আহমেদের ছেলে।
টেকনাফ মডেল থানার ওসি মাইনউদ্দিন খান জানান, নাফ নদী থেকে উদ্ধার শিশুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় অন্য নিখোঁজরা হল- মৌলভী পাড়ার মীর আহমদের ছেলে আনোয়ার সাদেক (১৪) এবং নাজিরপাড়ার হামিদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (১৫)।
এদিকে অন্য নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সদস্যদের তৎপরতা অব্যাহত রয়েছে।
এর আগে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাট এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষ্যে নাফ নদীর নতুন জেটি দিয়ে ছোট ছোট কয়েকটি নৌকায় শিশু-কিশোররা ভ্রমণে যায়। এমন একটি নৌকা প্রায় ১৮-২০ জন যাত্রী নিয়ে নাফ নদী ভ্রমণ শেষে ফেরার পথে জেটির একটি পিলারে ধাক্কা খায়। এতে নৌকাটি উল্টে গিয়ে সব যাত্রী পানিতে পড়ে গেলে এ ঘটনা ঘটে। পরে তাদের কেউ সাঁতরে তীরে উঠে ও কয়েক জনকে অন্য নৌকায় স্থানীয় জেলেরা উদ্ধার করলেও তিন শিশু-কিশোর নিখোঁজ ছিল।
এদের মধ্যে বুধবার সকালে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
