নাফ নদীতে দিনের বেলায় মাছ শিকারের দাবিতে জেলেদের স্মারকলিপি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

টেকনাফ প্রতিনিধি |
দীর্ঘ ৬ বছর ধরে টেকনাফের নাফ-নদীতে মাছ আহরণ বন্ধ রয়েছে। অন্ততপক্ষে দিনের বেলায় হলেও মাছ শিকারের অনুমতি পাওয়ার দাবীতে ভুক্তভোগী বেকার জেলেরা টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান করেছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে বারোটার দিকে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় টেকনাফ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অসহায় ভুক্তভোগী জেলেরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলেরা বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ও মাদকের অজুহাতে দীর্ঘ ৬ বছর ধরে একমাত্র জীবন-জীবিকার অবলম্বন নাফনদীতে মাছ আহরণ বন্ধ থাকলেও মাদক অনুপ্রবেশ বন্ধ হয়নি। যার কারণে পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে আমরা দিন পার করছি। আমরা বর্তমানে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছি। রাতের বেলায় না দিলেও অন্ততপক্ষে দিনের বেলায় হলেও আমাদের নাফ নদীতে মাছ শিকার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের নিকট অনুরোধ জানাচ্ছি।

জেলে সৈয়দ হোসেন বলেন, আমরা পরিবারের সমস্যা ও অভাব আর সইতে পারছিনা। পরীক্ষামূলকভাবে রাতে না হলেও দিনের বেলা আমাদেরকে মাছ ধরার ব্যবস্থা করে দিন। মাছ ধরা চালু করতে না পারলে আমাদেরকে ফাঁসি দিয়ে দিন। তাও আমরা হাসিমুখে মেনে নিব। কান্নাজড়িত কন্ঠে তিনি ওপরের কথাগুলো বলেন।
331129499 731728048348827 7609595308050237175 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
স্মারকলিপি হাতে পেয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, আপনারা আমাকে যে স্বারকলিপি দিয়েছেন সেটি যত দ্রুত সম্ভব জেলা প্রশাসক কার্যালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবো এবং জেলা সভায় গুরুত্ব সহকারে আপনাদের বিষয়টি উত্তাপন করবো।
অপরদিকে, গেল বুধবার (০৮ ফেব্রুয়ারি) টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি দিয়েছিল জেলেরা।

উল্লেখ যে, ২০১৭ সালের আগষ্ট মাসের দিকে রোহিঙ্গা অনুপ্রবেশ এর কারণে সরকার নাফ নদীতে মাছ আহরণ বন্ধ করে দেয়।

  • জেলা প্রশাসক
  • টেকনাফ ইউএনও
  • নাফ নদী
  • মাছ শিকার বন্ধ