নতুন বছরের শুভেচ্ছা জানালেন সাকিব-জামালরা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক :দেখতে দেখতে চলে গেল একটি বছর। করোনাভাইরাস মহামারির কারণে জন-জীবন যেমন বিপর্যস্ত ছিল, ভাইরাসটির অনেক বড় প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গণেও।ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন দেশের ক্রীড়াঙ্গণের বড় তারকারা, গত বছরের বিভীষিকা ভুলে গিয়ে নতুন বছরে ভালো কাটানোর প্রত্যাশা তাদের।

বিশ্বসেরা অলরাউন্ডার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘স্বাগতম ২০২১, নতুন বছরের শুভেচ্ছা।’

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া তার ফেসবুক পেজে লেখেন, ‘করোনাভাইরাসের কারণে ৩০০ বছর পরও সবাই ২০২০ সালকে নিয়ে কথা বলবে। আশাকরি ২০২১ সবকিছুই আবার নরমাল হবে। জীবন ও ফুটবল আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। সবার প্রতি ভালোবাসা। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ফেসবুকে তার পরিবারের ছবি পোস্ট করে লেখেন, ‘নতুন বছরে যেন ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেদের আরও ভাল মানুষ হিসেবে তৈরি করতে পারি। জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে তর সইছে না আমার। আশাকরি সবার মুখে হাসি এনে দিতে পারব ইনশাআল্লাহ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

জাতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার তামিম ইকবালও নিজের পরিবারের একটি ছবি পোস্ট করে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘সর্বশক্তিমানের আশীর্বাদ সবসময় আপনাদের সঙ্গে থাকুক। সবার জন্য সুস্বাস্থ্য ও সমৃদ্ধির একটি বছর কামনা করি।’