টেকনাফ টুডে ডেস্ক : চীন ও ভারত সীমান্তের উত্তর সিকিমের নাকুলাতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বুধবার চীনের একটি টহল ভারতীয় অঞ্চলগুলোতে প্রবেশের চেষ্টা করলে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে আজ সোমবার এনডিটিভির এক খবরে বলা হয়েছে।
খবরে বলা হয়, ভারতের পক্ষ থেকে এটিকে অবশ্য ‘তুচ্ছ ঘটনা’ বলে বর্ণনা করে সংঘর্ষকে খাটো করে দেখানোর চেষ্টা করা হয়েছে। অন্যদিকে চীনের পক্ষ থেকে নাকুলার ঘটনা নিয়ে এখনো কোনো বিবৃতি আসেনি।
ভারতীয় সেনা এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, নাকুলার ঘটনায় প্রতিষ্ঠিত প্রোটোকল অনুসরণ করে স্থানীয় কমান্ডাররাই বিষয়টির মিটমাট করে নিয়েছেন। আর গত সাত মাসের মধ্যে এই প্রথম ভারতীয় বাহিনীর পক্ষ থেকে চীন সীমান্তে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্বীকার করে নেওয়া হলো।
এর আগে গত বছরের জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছিলেন। সেই সংঘর্ষের পরে সীমান্তে উত্তেজনা নিরসনের চেষ্টায় ভারত-চীনের মধ্যে সামরিক স্তরে যে আলোচনা শুরু হয়েছিল, তা অবশ্য এখনো অব্যাহত আছে।
