দেশে ১২কেজি এলপিজির দাম কমলো

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ১২ কেজির প্রতিটি এলপিজি সিলিন্ডারের দাম ভোক্তা পর্যায়ে ৯৩ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল।

এতে বলা হয়, ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩৩৫ টাকা থেকে কমে ১ হাজার ২৪২ টাকা করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকেই এ দাম কার্যকর হবে।

দাম ঘোষণার সময় তিনি আরও বলেন, ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি ৯৭ টাকা ৩ পয়সা এবং মূসকসহ মূল্য প্রতি কেজি ১০৩ টাকা ৫০ পয়সায় সমন্বয় করা হয়েছে।

বিইআরসির চেয়ারম্যান আরও বলেন, গতকাল বুধবার রাতে সৌদি আরামকো কোম্পানি তাদের দাম ঘোষণা করেছে। সেই দামের সাথে সমন্বয় করে এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান ও বার্কের সচিব মো. খলিলুর রহমাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।