দেশের ৭১ ব্যক্তি-প্রতিষ্ঠান পেল ৪ লাখ টন চাল আমদানির অনুমতি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : প্রথম দফায় বেসরকারিভাবে ৪ লাখ ১৮ হাজার মেট্রিক টন সিদ্ধ ও আতপ চাল আমদানির জন্য ৭১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। গত ১৮ই আগস্ট প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে চাল আমদানির জন্য বরাদ্দ দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়। আজ শনিবার খাদ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়। বরাদ্দে নন বাসমতি সিদ্ধ চাল তিন লাখ ৬২ হাজার টন এবং আতপ চাল ৫৬ হাজার টন ধরা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় চাল আমদানির জন্য প্রতিষ্ঠানগুলোকে বেশকিছু শর্ত আরোপ করেছে। সেগুলো হল- বরাদ্দ আদেশ জারির ১৫ দিনের মধ্যে এলসি (লেটার অব ক্রেডিট-ঋণপত্র) খুলতে হবে এবং এ সংক্রান্ত তথ্য (বিল অব এন্ট্রিসহ) খাদ্য মন্ত্রণালয়কে ই-মেইলে তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে। এছাড়া বরাদ্দ পাওয়া আমদানিকারকদের আগামী ২৫শে সেপ্টেম্বরের মধ্যে পুরো চাল বাংলাদেশে বাজারজাতকরণ করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। বরাদ্দের অতিরিক্ত আইপি (ইমপোর্ট পারমিট) ইস্যু করা যাবে না এবং আমদানি করা চাল স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নামে ফের প্যাকেটজাত করা যাবে না বলেও শর্তে বলা হয়েছে।

শর্তে আরও বলা হয়, প্লাস্টিকের বস্তায় আমদানি করা চাল বিক্রি করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকে এলসি খুলতে ব্যর্থ হলে বরাদ্দ বাতিল হয়ে যাবে।

দেশে চালের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে শুল্ক কমিয়ে চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। চাল আমদানি শুল্ক ও কর কমানোর অনুরোধ জানিয়ে গত ৬ই জুলাই এনবিআরকে চিঠি দেয় খাদ্য মন্ত্রণালয়। পরে ১২ই আগস্ট চাল আমদানির শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চালের আমদানি শুল্ক ৬২ দশমিক পাঁচ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করে এনবিআর। এই সুবিধা আগামী আগামী ৩০শে অক্টোবর পর্যন্ত বহাল থাকবে।