টেকনাফ টুডে ডেস্ক : মঙ্গলবার প্রথম প্রহরে দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রাজশাহী
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটের আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে করোনা সংক্রমণে সাতজন ও উপসর্গে ১২ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ ও ১০ জন নারী। এদের মধ্যে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নাটোরের পাঁচজন, নওগাঁর দুইজন ও পাবনার একজন।’
ময়মনসিংহ
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের শিলা সরকার (৪০), ঈশ্বরগঞ্জের আব্দুল কাইয়ুম (৬০), নেত্রকোনা সদরের বেদেনা (৬৫), হানিফা (৬৭), দিনাজপুরের ফুলবাড়ির শামসুন্নাহার (৬০) ও নরসিংদী সদরের আব্দুল মোতালেব (৬১)। অন্যদিকে উপসর্গে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের হোসনে আরা (৬৫), শামসুদ্দিন (৭৫), মুরশিদা (৪০), মোসলেম উদ্দিন (৬০), ভালুকার রওশন আরা (৩৭), তারাকান্দার জেবুন্নাহার (৫০), নান্দাইলের সুলতান উদ্দিন (৬২), ধোবাউড়ার সাহেরা বানু (৭০), নেত্রকোনা সদরের আদম আলি (৭০), টাঙ্গাইল সদরের জ্যোৎস্না (৭০) ও ঘাটাইলের জোবেদ আলি (৭৫)।
খুলনা
খুলনায় করোনা চিকিৎসা দেওয়া পাঁচটি হাসপাতালের মধ্যে চারটিতে আরও সাতজনের মৃত্যু হয়েছে। জেলায় ৩১৫টি নমুনা পরীক্ষায় ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ২০ শতাংশ। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালগুলোর করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।
কুষ্টিয়া
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৩৮টি নমুনা পরীক্ষায় ২৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪১ দশমিক ৪৪ শতাংশ। সকালে করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন এ তথ্য জানান।
ফরিদপুর
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু সংখ্যা কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে মৃত্যু হয়েছে ৪ জনের। এদের মধ্যে ২ জন করোনায় বাকি ২ জন উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে ৪৩৫ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ১৮৪ জন। শনাক্তের হার ৪০.৭৪%।
শেবাচিম
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৪ জন রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৩২৭ জন রোগী। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার কিছুটা কমে ৪৩.১৫ ভাগে নেমেছে।
হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ২৫ রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৫৫ জন করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন।
নোয়াখালী
নোয়াখালীতে গত কয়েক দিনে করোনা আক্রান্তের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৩ দশমিক ৫৬ শতাংশ। এদিন ৮৭৩ জনের নমুনা পরীক্ষা করে ২৯৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে।
তিনি আরও জানান, এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৩৯ জন। মোট আক্রান্তের হার ১৪ দশমিক ২০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৮ জনে।
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে করোনায় নতুন করে সোমবার রাত ১০টা পর্যন্ত ১৮৩ জনের করোনা শনাক্ত এবং ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৬১০ জনে এবং মোট মৃত্যুবরণ করেছেন ১৬১ জন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান সোমবার রাত পৌনে ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন।
ঝিনাইদহ
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসাবে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২১৩ জন। নতুন করে ৮৩ জন আক্রান্ত হয়েছে।
চাঁদপুর
চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।
কুমিল্লা
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।
লক্ষীপুর
লক্ষীপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে।
কুড়িগ্রাম
কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৭২ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জন করোনা পজিটিভ পাওয়া গেছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে ৮০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়
পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে ৬২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সাতক্ষীরা
সাতক্ষীরা মেডিকেলে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
দিনাজপুর
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৬ জন।
