সাদ্দাম হোসাইন : হ্নীলায় টিলা বসত-বাড়ির মাটি কাটা ও বিক্রি বাণিজ্য অব্যাহত রয়েছে। এসব স্থানের মাটি বোঝাই যানবাহনে উৎপাতে জনসাধারণের যাতায়াতের সড়ক-উপসড়ক ক্ষতিগ্রস্থ হয়ে চলাচলের অযোগ্য হয়ে উঠছে।
জানা যায়, উপজেলার হ্নীলা পশ্চিম লেদার শিয়াইল্যাঘোনার মৃত হামিদ আলী প্রকাশ বেইঙ্গার পুত্র জাগির হোছন (৪৫) নিজ বসত-বাড়ির টিলা জমি স্থানীয় একটি ব্রিকফিল্ডে বিক্রি করে দেন। বাদে মাগরিব হতে এসব মাটি সারা রাত বহন করায় দক্ষিণ লেদা-শিয়াইল্যাঘোনা সড়কটি ভেঙ্গে এবং খানা-খন্দকের সৃষ্টি হয়ে ক্রমশ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। আর অসময়ে ট্রাক চলাচলের গর্জনে স্থানীয় মানুষের ঘুমের ব্যাঘাত ঘটছে বলে একাধিক ব্যক্তি জানান।
জন চলাচলের এই সড়ক দিয়ে রাতের বেলায় মাটি পাচার বা বহন অব্যাহত থাকলে আগামী বর্ষায় সাধারণ মানুষের যাতায়াত ভোগান্তি ক্রমশ বাড়বে বলে আশংকা করা হচ্ছে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মাটি বহনকালে সড়ক ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
এই বিষয়ে অভিযুক্ত জাগির হোছনের বক্তব্য পাওয়া না গেলেও স্থানীয় লোকজন ক্ষতিগ্রস্থ জন চলাচলের রাস্তাটি ঐ ব্যক্তির তহবিল হতে সংস্কার করার দাবী জানিয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, উক্ত বিষয়ের প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট মহলের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করে।
এছাড়া হ্নীলা আলীখালী, পশ্চিম রঙ্গিখালী, পশ্চিম সিকদার পাড়া, রোজারঘোনা, আলী আকবর পাড়া ও মরিচ্যা ঘোনায় প্রভাবশালী ও রাজনৈতিক ছত্রছায়ায় ব্যক্তি মালিকানা এবং সরকারী পাহাড়-টিলা কাটা অব্যাহত রয়েছে। এসব পরিবহনে গ্রামীণ সড়কের অবকাটামো ক্ষতিগ্রস্থ হয়ে পড়ছে। এসব দমনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তড়িৎ পদক্ষেপ একান্ত দরকার। ##
