টেকনাফ টুডে ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন ৪৭৭ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ডেঙ্গুরোগীর মধ্যে ৪০২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫ জন।
বর্তমানে সারা দেশে সর্বমোট এক হাজার ১৩৮ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯১১ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ২২৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট চার হাজার ৬০৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় তিন হাজার ৫৭৫ জন এবং ঢাকার বাইরে সারা দেশে এক হাজার ২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
একই সময়ে সারা দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী তিন হাজার ৪৩২ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী দুই হাজার ৬৩৭ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৭৯৫ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।
