টেকনাফ টুডে ডেস্ক : দিন যতই যাচ্ছে, দেশে ডেঙ্গু পরিস্থিতি ততই ভয়াবহ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৬৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬৭৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪২৯ জন ও ঢাকার বাইরে ২৪৯ জন।
আরও বলা হয়, বর্তমানে সারা দেশে এক হাজার ৬৬৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ১০০ জন ও ঢাকার বাইরে ৫৬৯ জন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত নয় হাজার ৮৭১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭ হাজার ৮৪ জন ও ঢাকার বাইরে ২ হাজার ৭৮৭ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ১৪১ জন। এর মধ্যে ঢাকায় ৫ হাজার ৯৩৬ জন ও ঢাকার বাইরে ২ হাজার ২০৫ জন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬১ জনের মৃত্যু হয়েছে।
