ঠাকুরগাওয়ে ইউপি নির্বাচনে দুপক্ষের সংঘর্ষে ৪জন সাংবাদিক আহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষের তথ্য ও ছবি সংগ্রহ করতে গিয়ে হামলায় আহত হয়েছেন রাইজিংবিডি ডটকমের জেলা প্রতিনিধি মঈনুদ্দীন তালুকদার হিমেলসহ চার সাংবাদিক। অপর তিনজন হলেন—ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু, নিউজবাংলার প্রতিনিধি সোহেল ও ঢাকামেইলের প্রতিনিধি মিলু।

শনিবার (২৯ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নে সাংবাদিকদের ওপর এ হামলা হয়।

মঈনুদ্দীন তালুকদার হিমেলের ভাগ্নে ও দৈনিক উষার বাণীর ঠাকুরগাঁও প্রতিনিধি জাহিদ হাসান মিলু এ তথ্য জানিয়েছেন।

শনিবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নবেল কুমার সিংহ ও স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান মতির সমর্থকদের মধ‌্যে সংঘর্ষ চলাকালে তথ্য সংগ্রহ ও ছবি তুলতে যান সাংবাদিকরা। এ সময় নবেল কুমার সিংহের সমর্থকরা সাংবাদিকদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন সাংবাদিকরা।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশ আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়েছেন।

আগামী ৭ ফেব্রুয়ারি সেনুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে।