ঠাকুরগাঁও-২ আসনের এমপি দবিরুল ইসলাম করোনায় আক্রান্ত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দবিরুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন বলেন, ‘করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে গত ২১ আগস্ট দবিরুল ইসলামের নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। গতকাল রাতে প্রাপ্ত রিপোর্টে তার করোনা শনাক্ত হয়।’

দীর্ঘদিন ধরে নানা রোগে ভোগা এই সংসদ সদস্যকে বাড়িতে আইসোলেশনে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকদিন আগে এমপির ব্যক্তিগত সহকারী শামীম হোসেনের করোনা শনাক্ত হয় বলেও জানান সিভিল সার্জন।

তিনি আরও জানান, গতকাল রাতে প্রাপ্ত রিপোর্টে এমপি দবিরুল ইসলাম ছাড়াও জেলায় নতুন করে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১০ জনে। যাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৩৬ জন ও মারা গেছেন ১৪ জন।

উল্লেখ্য, এমপি দবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসন থেকে পরপর সাতবার (১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ছাড়া) সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।