ফাইল ছবি
আব্দুল মাবুদ, টেকনাফ :
টেকনাফ সীমান্তে এক মাসে সাড়ে ২৪ কোটি টাকার মাদকদ্রব্য সহ চোরাইপন্য জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ইয়াবা, বিদেশী মদ, বিয়ার, গাঁজা। এসময় পাচারে জড়িত ৩২ জনকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য জব্দের ঘটনায় ৬০টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
টেকনাফস্থ বিজিবি ২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক শরীফুল ইসলাম জোমাদ্দার শনিবার এ তথ্য নিশ্চিত করে জানান, সীমান্তে মাদকসহ যে কোন ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সবসময় সচেষ্ট রয়েছে। তারই ধারাবাহিকতায় গত জুন মাসে উল্লেখিত পরিমান মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৮ লাখ ৮৪ পিচ ইয়াবা। যার আনুমানিক মূল্য ২৪ কোটি ২৫ হাজার ২শ টাকা। এর মধ্যে মালিকবিহীন ৫ লাখ ৪৩ হাজার ২শ ৯৮ পিচ ও পাচারকারীসহ ২ লাখ ৫৬ হাজার ৭৮৬পিচ। ইয়াবাসহ ৩১ জনকে আটক করে ৪৬টি পৃথক মামলা রুজু করা হয়েছে। ইয়াবা পাচারের ঘটনায় পলাতক আসামী করা হয়েছে ১৮ জনকে।
এছাড়া ২৯৮ বোতল বিদেশী মদ, ৬২৮ ক্যান বিয়ার, ৮৫ লিটার চোলাই মদ ও ১২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ১জনকে। জব্দকৃত মদ-বিয়ার ও গাঁজার আনুমানিক মূল্য ৬ লাখ ২০ হাজার ৯৩৭ টাকা।
অপরদিকে ৪২ লাখ ৫৫ হাজার ৭১০টাকা মূল্যের অন্যান্য চোরাই পন্য জব্দ করে ৩১টি মামলা রুজু করেছে বিজিবি জওয়ানরা। এসময় আটক করা হয়েছে ১জনকে।
একই সময় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বোঝাই ১০টি নৌকা প্রতিহত করেছে বলে জানিয়েছে বিজিবি।
