শহিদুল ইসলাম, উখিয়া :
উখিয়ায় এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধারের ঘটনা নিয়ে লুকোচুরি চলছে। এ ঘটনায় রোহিঙ্গা যুবক খাইরুল বশর (২৬) কিভাবে, কি কারণে তার মৃত্যু হয় এ সম্পর্কে কেউ কোন কিছু বলছে না। তবে অজ্ঞাত মাছকারিয়ার সন্ত্রাসীরাই খাইরুল বশরকে খুন করেন বলে বাতাসে এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। গতকাল রোববার উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া সংলগ্ন মাছকারিয়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী লোকজন জানান, উখিয়ার মাছকারিয়া গ্রামের জনৈক ব্যক্তির রোপিত জমির ধান পাহারা দিতে প্রতিদিনের মত রাতে টংঘরে ঘুমাতে যায়। সকালে বাড়ি ফিরতে দেরি হলে জমির মালিক খাইরুল বশরকে খুঁজতে ধান পাহারা দেওয়ার স্থানে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ দেখতে পায়। থানা পুলিশ হত্যাকান্ডের শিকার রোহিঙ্গা খাইরুল বশরের লাশ উদ্ধার এবং লাশের সুরতহাল রির্পোট তৈরি করেনি বলে পুলিশ জানালেও এ বিষয়ে তারা অবগত নয় বলে দাবী করেন। এ রির্পোট লেখাকালিন সময় পর্যন্ত থানা পুলিশ লাশ উদ্ধার করেনি এবং নিহত খাইরুল বশর কি কারণে খুন হয়েছে তার বিস্তারিত জানা যায়নি। উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের এ বিষয়ে অবগত নয় বলে সাংবাদিকদের জানান। রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাংগীর কবির চৌধুরী ও ইউপি সদস্য আবদুল হক মেম্বারের নিকট একাধিকবার মুঠোফোনে ঘটনা সম্পর্কে জানতে যোগাযোগ করার পরও তারা ফোন রিসিভ করেননি।
