শামলাপুর প্রতিনিধি॥
টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শীলখালী গ্রামের স্থানীয় মরহুম হাজী ওসমান গণির পুত্র প্রবাসী মোহাম্মদ উল্লাহর বাড়িতে অগ্নি সংযোগ ও ভাংচুর করেছে সন্ত্রাসীরা। গত ১৭ এপ্রিল দিবাগত রাত ১ঘটিকার সময় ঘটনাটি ঘটে। পরদিন সকালে বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ মাকসুদ ঘটনাস্থল পরিদর্শন পূর্বক ঘটনার সত্যতা যাচাই করেন।
জানা যায় গত ১০/১২ দিন ধরে স্থানীয় একটি ভূমি দস্যু ও চিহ্নিত সন্ত্রাসী মহল ও মোহাম্মদ উল্লাহর সাথে জমি-জমার বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। দলিল পত্রে মোহাম্মদ উল্লাহর নামে জমিটি উল্লেখ থাকা সত্ত্বেও জমিটিতে বাহির থেকে সন্ত্রাসী ভাড়া করে জোরপূর্বক খুঁটি ও বেড়া দিয়ে ঘিরে রাখার চেষ্টা করে বিপরীত পক্ষ। মোহাম্মদ উল্লাহ তাদের সাথে ঝগড়া বিবাদে না জড়িয়ে আইনের আশ্রয় নিলে বিপরীত পক্ষ মোহাম্মদ উল্লাহর পরিবারের উপর ক্ষেপে উঠে এবং বিভিন্ন সময় প্রাণ নাশের হুমকি দিতে থাকে। চলতি সপ্তাহে মোহাম্মদ উল্লাহ বিদেশ চলে গেলে এ সুযোগে উল্লেখিত সন্ত্রাসী মহল মোহাম্মদ উল্লাহর পরিবারের সদস্যদের মেরে ফেলার জন্য বাড়িতে এ সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে জানান মোহাম্মদ উল্লাহর স্ত্রী আলেয়া আক্তার।
আলেয়া আক্তার আরো জানান রাতে সন্ত্রাসী মহল তাকে দরজা খুলতে বলে। দরজা খুলে না দিলে সন্ত্রাসীরা তার বাড়ির জানালা ও দরজায় আঘাত করে। আলেয়া শোর চিৎকার করলে সন্ত্রাসীরা তাদের বাড়ির মালামাল রাখার ঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। কাপড় দ্বারা মুখ বন্ধ থাকায় সন্ত্রাসী মহলকে চিনতে পারেনি তবে তাদের হাতে অস্ত্র রয়েছে বলে জানান আলেয়া।
এ ব্যাপারে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
