টেকনাফ বাহারছড়ায় পাহাড়ি স্বশস্ত্র দূবৃর্ত্তদের হাতে গুলিবিদ্ধ-১, অপহৃত-১ ; উদ্ধার অভিযান অব্যাহত

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

হুমায়ূন রশিদ / আজিজ উল্লাহ : টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নে পাহাড়ের পাদদেশে পানের বরজে কাজ করতে গিয়েই স্বশস্ত্র পাহাড়ি দূবৃর্ত্ত দলের হাতে ১জন অপহৃত ও ১জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে সম্ভাব্য স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়,৭অক্টোবর (শুক্রবার) সকাল সাড়ে ৯টারদিকে টেকনাফ উপজেলার বাহারছড়া বড় ডেইল এলাকার পাহাড়ি পাদদেশে পানের বরজ ও ক্ষেতে কাজ করার সময় পাহাড়ে অবস্থানরত মুখোশধারী স্বশস্ত্র দূবৃর্ত্ত দল হানা দিয়ে স্থানীয় মোহাম্মদ উল্লাহর পুত্র আব্দুর রহমান (১৬) কে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের ভেতরে নেওয়ার সময় একই এলাকার মৃত মোঃ সোনা আলীর পুত্র মোঃ শফিক (৩০) দূবৃর্ত্তদের দেখতে পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন দূবৃর্ত্তদল তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। সে কিছুদূর পালিয়ে যায় এবং গোলাগুলির শব্দ শুনে লোকজন জড়ো হলে দূবৃর্ত্তরা আব্দুর রহমানকে নিয়ে পাহাড়ে দিকে চলে যায়।

এরপর জড়ো হওয়া লোকজন গুলিবিদ্ধ শফিককে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর অবস্থায় গুরুতর হওয়ায় আরো উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান,অপহৃত যুবককে উদ্ধার এবং বাহারছড়া উপকূলে যেকোন ধরনের অপতৎপরতা দমনে আমরা পুলিশের সহায়তায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসীকে নিয়ে সম্ভাব্য স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এই বিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর নুর মোহাম্মদ সংবাদ কর্মীদের জানান,এই ঘটনার খবর পেয়ে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে সম্ভাব্য স্থানে অভিযান চালিয়ে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়নি। অপহৃত আব্দুর রহমানকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে টেকনাফ উপজেলার হ্নীলা, হোয়াইক্যং, বাহারছড়া ও টেকনাফ সদরের পাহাড়ের পাদদেশে বসবাসকারী বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ চরম আতংকে রয়েছে। পাহাড়ে অবস্থানত এসব অপরাধীদের কঠোর হাতে দমনে বিশেষ বাহিনী গঠন করে সাঁড়াশি অভিযান পরিচালনার দাবী উঠেছে। ###