বার্তা পরিবেশক- র্যাব-৭, চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে মোটরসাইকেল যোগে কক্সবাজার হতে চট্টগ্রামের উদ্দেশ্যে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৬ জুন ২০২২ ইং তারিখ ০৯১৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন কক্সবাজার-চট্টগ্রাম রোডে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি মোটর সাইকেল তল্লাশী করে আসামী ১। মোঃ নুরুল হাকিম (২৪), পিতা- নুর বশর, সাং-দক্ষিণ মধ্যম জেলেপাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এবং ২। মোঃ ইউনুস (২২), পিতা-মোঃ আব্দুল মজিদ, সাং-দক্ষিণ মধ্যম জেলেপাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারদের আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামী মোঃ নুরুল হাকিম এর হাতে থাকা সাদা প্লাষ্টিকের ব্যাগ হতে আসামীর নিজ হাতে বের করে দেয়া মতে ১০,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার হতে ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রাম, বান্দরবান এবং অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩২ লক্ষ টাকা। গ্রফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

