টেকনাফে ৫ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার, ফিশিং ট্রলার জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ টুডে ডটকম :
টেকনাফে বিজিবি জওয়ানরা পৃথক অভিযান চালিয়ে ৫ কোটি ১০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৭০ হাজার পিচ ইয়াবা জব্দ করেছে। এসময় ইয়াবা পাচারে জড়িত একটি ফিশিং ট্রলার জব্দ করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার (২১ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে বিজিবি ২ ব্যাটালিয়নের খুরের মুখ চেক পোষ্টের জওয়ানরা সাবরাং ইউনিয়নের পশ্চিম সৈকতের মুন্ডার ডেইল জেলে ঘাটে সাগর থেকে মৎস্য আহরণ করে আসা একটি ট্রলারে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী চালিয়ে ১ লাখ ইয়াবা উদ্ধার করেন। এসময় দশটি প্যাকেটে ইয়াবার চালানটি জালের নীচে লুকানো ছিল। এ ঘটনায় সাবরাং মুন্ডার ডেইল ঘাটের কবির আহমদের পুত্র মনু মিয়ার ফিশিং ট্রলারটি জব্দ করা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্ডার ডেইল এলাকার জাফর আলমের পুত্র মোঃ হোসন মাঝির নেতৃত্বে পেটান আলীসহ ৪ মাঝি মাল্লা উক্ত ট্রলারে সাগর থেকে ইয়াবার চালানটি নিয়ে আসে। এ সময় নৌকার মালিক ও মাঝি মাল্লারা পালিয়ে যায়।
বিজিবি ২ ব্যাটালিয়ন উপ অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, ১০ হাজার ইয়াবা ট্রলারের ভিতর ও ৯০ হাজার ইয়াবা ট্রলারের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রলার মালিকসহ জড়িত মাঝি মাল্লাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
অপরদিকে হ্নীলা বিওপি ফাঁড়ীর জওয়ানরা ২১ মার্চ রাত ২টার দিকে নয়াপাড়া এলাকায় লবন মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে।
এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি লক্ষ করে দুই পাচারকারী পালিয়ে যায় বলে জানায় বিজিবি।