হুমায়ূন রশিদ : টেকনাফে র্যাব-১৫ এর পৃথক দল অভিযান চালিয়ে ৫০হাজার ইয়াবা ও সাড়ে ১৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে। ইয়াবা চালানে সম্পৃক্ত থাকায় আরো ৩জনকে পলাতক আসামী করা হয়েছে।
সুত্র জানায়,গত ১০জুন দুপুর পৌনে ১টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ উপজেলার সাবরাং ইউপির হারিয়াখালী এলাকায় কতিপয় মাদক চোরাকারবারী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার মৃত নুর আহমদ বলীর পুত্র মোঃ সাব্বির (৩৭) কে ১টি প্লাস্টিকের বস্তাসহ গ্রেফতার করতে সক্ষম হলেও অপর ৩ সহযোগী পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির দেহ ও প্লাস্টিক বস্তা তল্লাশী করে ৫০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে একই দিন বিকাল সাড়ে ৪টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল টেকনাফ সদর ইউপির শিলবুনিয়া পাড়ার জনৈক আছিয়ার ৩কক্ষ বিশিষ্ট পাকা ভাড়া বাড়ির ভিতর মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পলায়নের চেষ্টাকালে শিলবুনিয়া পাড়ায় বসবাসরত কক্সবাজার সদরের পাহাড়তলী ইউপির কালুর দোকান এলাকার মৃত ফয়েজ আহমদের পুত্র মোঃ ফয়সাল (৩০) কে গ্রেফতার করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখের ধৃত ব্যক্তির বাসা হতে ১৭.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, ৫০হাজার ইয়াবাসহ গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারী এবং সাড়ে ১৭ কেজি গাঁজা নিয়ে গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
