টেকনাফে মুক্তিপণ আদায়ে ব্যর্থ হয়ে অপহৃত স্কুল শিক্ষার্থীদের ফেরত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

গিয়াস উদ্দিন ভূলু / আজিজ উল্লাহ :- টেকনাফ বাহারছড়া দক্ষিণ শিলখালী রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের অপহরণের শিকার দীর্ঘ ৭২ ঘন্টা অতিবাহিত হওয়ার পর অবশেষে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে মুক্তিপণ আদায়ে ব্যর্থ হয়ে অপহৃত বাহারছড়া মনতইল্যা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী তসলিমা আক্তার (১৩) ও লাকি আক্তার (১১)-কে ফেরত দিলো দুর্ধর্ষ রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিম গং।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৯ অক্টোবর, শনিবার দিবাগত রাত আড়াই টারদিকে পাহাড়ি জনপদের মূর্তিমান আতঙ্ক দুর্ধর্ষ রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিম বাহিনী টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী গ্রামের মাঠপাড়ার বাসিন্দা হেডম্যান আবুল কালামের কন্যা মনতইল্যা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী তসলিমা আকতার (১৩) ও লাকি আকতার (১১)কে অপহরণ করে গহীন অরণ্যে নিয়ে যায় । এই ঘটনার খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় শামলাপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসার আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় অভিযান চালিয়েও অপহৃতদের উদ্ধার করতে পারেনি । অপহরণের পর ডাকাত আব্দুল হাকিম হেডম্যান আবুল কালামের নিকট মুক্তি দাবি করে। কিন্তু আবুল কালাম অর্থনৈতিকভাবে অস্বচ্ছল হওয়ায় তাদের দাবি মেটাতে পারেননি। ৩ দিন অতিবাহিত হওয়ার পরেও কোন প্রকার মুক্তিপণ না পাওয়ায় ২৩ অক্টোবর (বুধবার) ভোররাত ৩টারদিকে হেডম্যান আবুল কালামের বাড়ির অদূরে জঙ্গলের পাশে অপহৃতদের রেখে চলে যায় ডাকাত দল। এই সংবাদ পেয়ে শামলাপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসার আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়।

৫নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কাদেরের নিকট এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, ‘আজ দিবাগত রাত ৩টারদিকে আব্দুল হাকিম ডাকাতের দলবল মুক্তিপণ আদায়ে ব্যর্থ হয়ে অপহৃতদের জঙ্গলের ধারে নিয়ে এসে তাদের পরিবারকে খবর দেয়। খবর পেয়েই অপহৃতদের পরিবার বিষয়টি শামলাপুর পুলিশ ফাঁড়িকে অবহিত করে। খবর পাওয়ার সাথে সাথে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় জঙ্গলে তল্লাসি চালিয়ে অপহৃতদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়।