টেকনাফে বিজিবি অভিযানে ৪৯ হাজার ইয়াবাসহ ৪ মিয়ানমার নাগরিক আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ প্রতিনিধি।
টেকনাফে বিজিবি জওয়ানরা অভিযান চালিয়ে ৪৯ হাজার ৮৭ পিচ ইয়াবাসহ ৪ মিয়ানমার নাগরিককে আটক করেছে। রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সাবরাং ইউনিয়নের নাফ নদীর আড়াই স্লুইস গেইট এলাকায় কেওড়া বনে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসার গোপন সংবাদে দমদমিয়া বিওপি ফাঁড়ীর নায়েক হাবিবুর রহমানের নেতৃত্বে জওয়ানরা ধাওয়া করে তাদেরকে আটক করে। পরে তাদের শরীরের সাথে বাধা ৪৯ হাজার ইয়াবা ও ২টি মোবাইল সেট উদ্ধার করেন। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি সাতচল্লিশ লাখ ছাব্বিশ হাজার একশত টাকা। ধৃত মিয়ানমার নাগরিকরা হচ্ছে মিয়ানমারের মংডু এলাকার মৃত আব্দুল শফির ছেলে আলী হোসেন (৪০), আব্দুল ছবির ছেলে আব্দুল খালেক (২০), আব্দুর রহমানের ছেলে ইউসুফ (৩৫) ইসলামের ছেলে ওসমান গনি (১৮)। বিজিবি ২ ব্যাটালিয়ন উপ অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান ধৃতদের টেকনাফ থানায় সোপর্দ্য করে মাদক ও অবৈধ অনুপ্রবেশ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।