টেকনাফে বস্তা ভর্তি হুইস্কি ও বিয়ারসহ রোহিঙ্গা আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে বস্তা ভর্তি হুইস্কি ও বিয়ারসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।

সুত্র জানায়, গত ২২ জুলাই রাত সোয়া ১০টারদিকে র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল মাদক বহনের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কেরুনতলীর চাইল্যাতলী ব্রীজের উত্তর পাশে মাদকের চালান বহনের অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হ্নীলা জাদিমোরা ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি-৯ এর বাসিন্দা আব্দুল হাকিমের পুত্র মোঃ আরেস (২২) কে ২টি বস্তাসহ আটক করে। পরে উপস্থিত লোকজনের সম্মুখে গণনা করে ২০টি বিদেশী হুইস্কির বোতল এবং ৪০ ক্যান বিয়ার পাওয়া যায়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদকদ্রব্যসহ ধৃত রোহিঙ্গা মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

উল্লেখ্য, আসন্ন কোরবানের ঈদ উপলক্ষ্যে বালুখালী, থাইংখালী, পালংখালী হতে বালি বোঝাই করে আসা ডাম্পারের ভেতরে এসব মাদকের চালান বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে একাধিক নির্ভরযোগ্য সুত্রের দাবী। ###