টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত-১ : অস্ত্র ও ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

গিয়াস উদ্দিন ভূলু :
কক্সবাজারের টেকনাফে গ্রেফতারের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফরিদ আলম ওরফে ডাকাত আলম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ফরিদ আলম তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের সহযোগী। তার নামে ইয়াবা, অস্ত্রসহ ছয়টি মামলা রয়েছে। আলম টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল গ্রামের মৃত আব্দুল কাদেরর পুত্র। রোববার ভোর রাত ২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল লেঙ্গুরবিল গ্রামে অভিযান চালিয়ে আলমকে আটক করে। এর পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে ওই এলাকায় সাগরপথে ইয়াবার চালান খালাসকারী ভুলু মাঝিকে ধরতে অভিযানে যায় পুলিশ। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে হামলাকারীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত আলমকে পড়ে থাকতে দেখা যায়। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, ৫ রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আহত এসআই ওহিদ, কনস্টেবল রুবেল শর্মা ও সেকান্দারকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান ওসি।

টেকনাফে যতদিন মাদক চোরাচালান শূন্যের কোঠায় আসবেনা ততদিন পুলিশের মাদক বিরোধী কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে তিনি মত প্রকাশ করেন।

এদিকে নিহত মাদক কারবারী ব্যক্তি জীবনে ২ মেয়ে ১ ছেলের জনক হলেও দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় শক্তিশালী বিশেষ সিন্ডিকেট গড়ে মাদক চোরাচালান চালিয়ে আসছে বলে জনশ্রুতি রয়েছে।