টেকনাফে পাহাড় থেকে নেমে আসা রোহিঙ্গা দূবৃর্ত্তদের গুলিতে ডাকাত সদস্য নিহত ; অপহৃত-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে পাহাড় থেকে নেমে আসা স্বশস্ত্র রোহিঙ্গা দূবৃর্ত্ত দলের এলোপাতাড়ি গুলিতে এক ডাকাত সদস্য নিহত হয়েছে। আবারো রোহিঙ্গা ডাকাত দলের স্বশস্ত্র হামলার আশংকায় স্থানীয় ও রোহিঙ্গাদের অনেকে নিরাপদ আশ্রয়ে চলে গেছে।

জানা যায়, ৩০নভেম্বর রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফের ২৭নং রোহিঙ্গা ক্যাম্প জাদিমোরা স্কুল সংলগ্ন পশ্চিমের পাহাড় হতে ১০/১৫ জনের একটি স্বশস্ত্র গ্রুপ নেমে এসে একই ক্যাম্পের মোহাম্মদ হোছনের পুত্র নুরু সালাম (২২) কে অপহরণ করে নেওয়ার সময় হৈ ছৈ শুরু হয়। এসময় পাহাড় থেকে নেমে আসা ডাকাত দলের সদস্যরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে আতংক সৃষ্টির সময় নিজ গ্রুপের হাসান নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় বলে স্থানীয় সুত্রে প্রকাশ। ডাকাত দল নুরু সালামকে অপহরণ করে পাহাড়ে নিয়ে তার স্ত্রীর সাথে ফোনে যোগাযোগ করে লাশ ফেরত দিলে অপহৃতকে মুক্তি দেওয়ার আশ্বাস দেয়। এরই মধ্যে রোহিঙ্গা ডাকাত দলের হামলার খবর পেয়ে টেকনাফ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি শান্ত হলে চলে যায়।

এই ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আলিম বলেন, রোহিঙ্গা দূবৃর্ত্তদের গুলিতে ডাকাত সদস্য নিহতের বিষয়টি শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। কিন্তু এখনো পর্যন্ত লাশের সন্ধান মিলেনি এবং অপহৃত রোহিঙ্গা যুবককে উন্নত প্রযুক্তির সহায়তায় উদ্ধারের চেষ্টা চলছে।

অপহৃতের স্ত্রী সাজেদা বেগম জানান,ডাকাত দল ফোনে আমাকে বলেন মৃত ডাকাতের লাশ নিয়ে পাহাড়ে গিয়ে দিয়ে আসলে তার স্বামীকে ফেরত দেওয়া হবে। আমি একা মানুষ লাশ নিয়ে পাহাড়ে যেতে পারব না এবং তোমাদের লাশ তোমরা নিয়ে যাও কেউ কিছু করবেনা বললে ভোর আজানের পূর্বে আবারো ২০/২৫ জনের স্বশস্ত্র ডাকাত দল এসে লাশটি নিয়ে যায়। কিন্তু আমার স্বামীকে এখনো ফেরত না দেওয়ায় চরম উৎকণ্ঠায় রয়েছি।

স্থানীয় সুত্রের দাবী, দূধর্ষ রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপ এবং অন্য গ্রুপের সদস্যরা প্রায় সময় পাহাড় থেকে নেমে এসে মাদকের চালান খালাস ও আর্থিক স্বচ্ছল লোক অপহরণ করে মুক্তিপণ আদায় করে পুরো রোহিঙ্গা ক্যাম্পকে জিম্মি করে রেখেছে। তাই আবারো স্বশস্ত্র ডাকাত গ্রæপ হামলার আশংকায় ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়েছে। ###