টেকনাফ টুডে ডটকম :
কক্সবাজারের টেকনাফে ঘরে ঢুকে পিতা-পুত্র কে গুলি করেছে মানব পাচারকারীরা। গুলিবিদ্ধ পিতা-পুত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হচ্ছেন কচ্ছপিয়া এলাকার গুরা মিয়ার ছেলে আলি আহমদ ও তার ছেলে মো. জয়নাল(১৪)।
পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি এবং আহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে আলি আহমদ কচ্ছপিয়া বাজারে তার রড-সিমেন্টের দোকান বন্ধ করে বাড়িতে পৌঁছার কয়েক মিনিট পর অজ্ঞাত ব্যক্তিরা ঘরের দরজায় টোকা দেয়। এসময় আলি আহমদের ছেলে জয়নাল দরজা খোলার সাথে সাথে গুলি করে দূর্বৃত্তরা। পরে আলি আহমদ এগিয়ে এলে তাকেও গুলি করে সটকে পড়ে দূর্বৃত্তরা। এতে মাথায় গুলি লাগে ছেলে জয়নালের ও কোমরে গুলিবিদ্ধ হয় আলি আহমদ। এসময় স্বজনরা দুইজনকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন। সেখানে অবস্থার অবনিত হওয়ায় ভোররাতে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন গুলিবিদ্ধ পিতা পুত্র। এদের মধ্যে ছেলে জয়নালের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্বজনরা।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নুর মোহাম্মদ জানান, গুলিবিদ্ধ আলি আহমদ রড সিমেন্টের দোকানের পাশাপাশি বিকাশের ব্যবসা করতেন। স্থানীয় মানব পাচারকারী দলের কয়েকজন সদস্য আলী মোহাম্মদের দোকানের বিকাশের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করার ঘটনাকে কেন্দ্র করে হামলার এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় মেম্বার সৈয়দ আহমদ স্থানীয়দের বরাতে জানান, মাসখানেক আগে মানব পাচারকারীদের ৮০ হাজার টাকা গুলিবিদ্ধ আলি আহমদের বিকাশের এজেন্ট সীমে আসে। পুলিশ সেই টাকা জব্দ করে ও মামলা দায়ের করে। এতে ক্ষুদ্ধ হয়ে মানব পাচারকারীরা আলি আহমদকে হুমকি দিয়েছিল বলে স্বজনরা জানিয়েছেন। সেই মামলায় প্রধান আসামী হোসাইন আহমদের এক ভাই বর্তমানে কারাগারে রয়েছে।
এঘটনায় গুলিবিদ্ধ আলি আহমদের স্ত্রী রশিদা আক্তার বাদি হয়ে কচ্ছপিয়া এলাকার আব্দুস সালামের ছেলে হোসাইন আহমদসহ ৮জনকে নামীয় ও অজ্ঞাত ৪-৫জনকে আসামী করে টেকনাফ থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-১১। হামলায় পাহাড়ে অবস্থানকারী একদল রোহিঙ্গা সন্ত্রাসী অংশ নিয়েছেন বলেও জানা গেছে।
পুলিশ অভিযান চালিয়ে এ মামলার ৩ জন আসামীকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে, একই এলাকার সৈয়দুর রহমান, আজিজুর রহমান ও রোহিঙ্গা ফররুখ আহমদ। ধৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
