অনলাইন ডেস্ক :
কক্সবাজারে টেকনাফে গ্যাসের খালি সিলিন্ডারবাহী একটি ট্রাক থেকে ২ হাজার পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছ বিজিবি। এসময় জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত পরিবহনটি।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) ২ বিজিবির আওতাধীন দমদমিয়া চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে টেকনাফ থানা।
গ্রেফতারকৃতরা হলেন, লেদা রোহিঙ্গা ক্যাম্পের মৃত আইয়ুব আলীর ছেলে মোঃ মামুনুর রশিদ (২৫), টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদার বিল এলাকার আবু তাহেরের ছেলে মোঃ আব্দুল্লাহ (২৫), একই ইউনিয়নের মহেশখালী পাড়ার মৃত অলি আহমদের ছেলে মোঃ কাউসার (২০)।
টেকনাফ থেকে খালী গ্যাসের সিলিন্ডারবাহী একটি ট্রাক দমদমিয়া চেক পোস্টে পৌছালে গাড়িটি তল্লাশী করা হয়। তল্লাশী কালে চালকের সিটের নিচে চুম্বক দিয়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে চালক-হেল্পারসহ ৩ জনকে গ্রেফতার করে গাড়িটি জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামালসহ আসামীদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ থানার এসআই আব্দুল বাতেন।
জানা গেছে টেকনাফ পৌর সভার তানহা গ্যাস ফেয়ার নামক একটি প্রতিষ্ঠানের খালি গ্যাসের বোতল নিয়ে ফিরছিল ট্রাকটি।
বিজিবি কর্তৃক আটক (কুষ্টিয়া ট-১১০৪৩৮) পরিবহনটির মালিক দমদমিয়া এলাকার জুয়েল।
উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময়েও টেকনাফের ভিন্ন দুটি প্রতিষ্ঠানের খালি গ্যাস সিলিন্ডারবাহী পরিবহন ও সিলিন্ডার থেকে বিপুল পরিমাণ মাদকের চালান আটক হয়েছিলো চট্টগ্রাম ও কক্সবাজারে। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকরা কৌশলে মামলার চূড়ান্ত প্রতিবেদন থেকে বাদ পড়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন গ্যাসের খালি সিলিন্ডার ও পরিবহনে ইয়াবা পাচার মাদক পাচারকারীদের একটি পুরনো কৌশল।
এভাবে টেকনাফে অনেকে কোটি কোটি টাকার মালিক বনে গেছে বলে জানা গেছে।
