টেকনাফে কোস্টগার্ড-র‌্যাবের পৃথক অভিযানে ই-য়া-বা বোঝাই বোট ও আ-ই-স-সহ আটক-৫

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে কোস্টগার্ড ও র‌্যাবের আভিযানিক দল পৃথক অভিযান চালিয়ে ইয়াবা বোঝাই বোট এবং আইসসহ ৫জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়,১৮মে রাতের প্রথম প্রহর দেড়টারদিকে টেকনাফে দায়িত্বরত কোস্টগার্ড জওয়ানেরা শাহপরীর দ্বীপ গোলাপাড়া ঝাউবন সংলগ্ন নাফনদীর মোহনায় বিশেষ অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি ইঞ্জিন চালিত কাঠের বোটকে দাড়ানোর জন্য টর্চ ও বাঁশির মাধ্যমে থামার জন্য সংকেত দেওয়া হয়। তারা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মায়ানমার জলসীমায় পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে বোটটি জব্দ করে। পরে বোটটি তল্লাশি করে ৩০হাজার পিস ইয়াবা,২টি মোবাইল ফোনসহ টেকনাফ শাহপরীর দ্বীপ নোয়া পাড়ার নোয়াখালী পাড়ার মোঃ রফিক (১৪), আবু তাহের (২০), মোঃ ইব্রাহিম (২৬) এবং মোঃ ফারহান (২৪) কে আটক করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক জানান,জব্দকৃত ইয়াবা, বোট এবং আটককৃত মাদক কারবারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে ১৭মে রাত ১১টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল উপজেলার হ্নীলা বাজারের পুরাতন রাইস মিলের সামনে এক মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ১টি শপিং ব্যাগসহ টেকনাফ পৌরসভার অলিয়াবাদের মৃত আমির হামজার পুত্র ওমর ফারুক (২৬) কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও তার হেফাজতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৯শ ৪০গ্রাম ক্রিস্টালমেথ (আইস) উদ্ধারসহ ১টি এন্ড্রয়েড ফোন জব্দ করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###