হুমায়ূন রশিদ : টেকনাফ উপজেলায় রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩৩০জন ক্ষুদ্র,প্রান্তিক ও মাঝারি কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
১৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় টেকনাফ উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে ক্ষুদ্র,প্রান্তিক ও মাঝারি কৃষকের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে একসভা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এসএম শাহজাহান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।

এতে কৃষি নিয়ে সরকারের উদ্যোগ এবং উপজেলা কৃষি অফিসের সার্বিক ভূমিকা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জাকিরুল ইসলাম। স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার জাকিরুল ইসলাম বলেন, এবছর উপজেলার ৩৩০জন চাষীকে বিনামূল্যে সার ও বিভিন্ন বীজ দেওয়া হবে। দানাদার খাদ্য শস্য উৎপাদনের সাথে সাথে তেল ফসল উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষকদের পাশে থেকে কাজ করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এছাড়া উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট বøকের উপ-সহকারী কৃষি অফিসার এবং উপকারভোগী কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। বীজ, সার ও সেচ ব্যবস্থার উন্নয়ন সহ পরপর ৩ বার জমি পতিত না রাখার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখতে হলে কোন জমি খালি রাখা যাবে না। প্রতি ইঞ্চি জমিতে ফসল আবাদের জন্য কৃষকদের এগিয়ে আসতে হবে।

শেষে উপজেলার ৬টি ইউনিয়নের ১শ ৫০জন ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি সরিষা চাসী কৃষকের প্রত্যেককে ১কেজি সরিষা বীজ, ১০কেজি ডিএপি এবং ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়। ১শ জন গম চাষীদের প্রত্যেককে ২০কেজি বীজ, ১০কেজি ডিএপি এবং ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়। ৮০জন ভূট্টা চাষীদের প্রত্যেককে ১ কেজি বীজ, ২০কেজি ডিএপি সার এবং ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। ###
