টেকনাফে এইবার নিহত যুবলীগ নেতার ভাইকে অপহরণের চেষ্টা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা, পাহাড়ে সন্ত্রাসী আস্তানায় চলছে যৌথ অভিযান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago
জাদিমুরা পাহাড়ে অস্ত্রধারী রোহিঙ্গাদের একটি আস্তানার ফাইল ছবি

বিশেষ প্রতিনিধি :
টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীরা এইবার নিহত যুবলীগ নেতা ওমর ফারুকের ভাই আমির হামজাকে অপহরণের চেষ্টা চালিয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে জাদিমুরা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ওমর ফারুক হত্যা মামলার আসামী বন্দুকযুদ্ধে নিহত এক রোহিঙ্গার জানাযার নামাজের আয়োজন চলছিল রবিবার সকালে জাদিমুরা এলাকায়। এসময় ওমর ফারুকের বড় ভাই আমীর হামজা পার্শ্ববর্তী এলাকা দিয়ে যাওয়ার সময় অস্ত্রধারী রোহিঙ্গাদের একটি দল তাকে ধাওয়া করে টেনে হিচড়ে পাহাড়ের দিকে নিয়ে যেতে চাইলে সে ধস্তাধস্তি করে পালিয়ে আসে। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে ওসি প্রদীপ কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ জাদিমুরা পাহাড়ে অভিযান চালান। এসময় র‌্যাব-বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদের গ্রেফতারে পাহাড়ে অভিযান চালিয়েছেন। তবে সন্ত্রাসীরা গহীন পাহাড়ে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার রাতে উগ্রপন্থী রোহিঙ্গা সন্ত্রাসীরা হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জাদিমুরা এলাকার আব্দুল মোনাফের ছেলে ওমর ফারুক কে গুলি করে হত্যা করে। পরদিন পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ফারুক হত্যা মামলার দুই আসামী রোহিঙ্গা বন্দুকযুদ্ধে নিহত হন।
যুবলীগ নেতা হত্যার ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।