জয়নাল আবেদীন, টেকনাফ টুডে : টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত ২জন ভিকটিম উদ্ধার ও মুক্তিপণের টাকাসহ ৩জন অপহরণ চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ।
গত ৩মার্চ বিকালে টেকনাফের লেদা-আলীখালী পাহাড়ের পাদদেশ থেকে অপহৃত বগুড়া জেলার মো. সবুজ প্রকাশ মামুন (৩০) ও মেহেদী হাসান টিটু (৩০) নামের দুইজনকে উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, (২৬ ফেব্রুয়ারি) সকালে অপহৃতরা বগুড়া জেলা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেন। এই দিনে রাত ১১ টায় টেকনাফর হ্নীলা স্টেশনে পৌঁছালে পরিকল্পিতভাবে দুইজনকে আব্দুল আমিন নামের একজন রোহিঙ্গা অপহরণকারী চক্রের হাতে তুলে দেয়। পরবর্তীতে দুই জনকে গহীন পাহাড়ে নিয়ে গিয়ে মারধর করার ভিডিও ধারণ করে পরিবারের কাছে ১০লক্ষ টাকা মুক্তিপণের জন্য মোবাইল ফোনে পাঠানো হয়। (২ মার্চ) ঢাকা কাফরুল থানায় সবুজের বোন সুলতানা বেগম বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন উক্ত এজাহার প্রাপ্ত অনুযায়ী টেকনাফ মডেল থানার মামলা নং-০৪/১৪৬ রুজু করা হয়।
টেকনাফ থানার একটি আভিযানিক টিম ৪মার্চ বিকালে হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে অভিযান পরিচালনা কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে গহীন পাহাড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে অপহৃত ভিকটিম সবুজ ও মেহেদী হাসান টিটুকে উদ্ধার করা হয়।
ওসি আরো বলেন,অপহরণকারীদের বিকাশ ও নগদ একাউন্টে পাঠানো মুক্তিপণের ১লক্ষ ২৫হাজার টাকার সূত্রধরে তথ্য প্রযুক্তির সহায়তায় টেকনাফের হ্নীলা মৌলভী বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের সক্রিয় বিকাশ ব্যবসায়ী ৩জন সদস্যকে আটক করা হয়। তাঁরা দীর্ঘদিন ধরে বিকাশ ব্যবসার আড়ালে অপহরণ চক্রের সক্রিয় সদস্য হিসেবে মুক্তিপণের টাকা সংগ্রহ করে নিজেদের ভিতর ভাগ-ভাটোয়ারা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। ধৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করে কক্সবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।###
