টেকনাফে অ*প*হ*র*ণে*র ২৬দিন পর ৩ বন্ধুর ম*র*দে*হ দমদমিয়ার গহীন পাহাড় থেকে উদ্ধার, আটক ২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

সাদ্দাম হোসেন, হ্নীলা |
কক্সবাজারের টেকনাফে বেড়াতে এসে নিখোঁজ ৩ বন্ধুর মরদেহ ২৬ দিন পর উদ্ধার করেছে আইনশৃঙ্খলাবাহিনী। আজ বুধবার (২৪ মে) সন্ধায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার গহীন পাহাড়ি এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে র‍্যাব ও পুলিশের দুটি টিম।
নিহতরা হলেন, ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়া এলাকার মোহাম্মদ ইউছুপ, চৌফলদন্ডী ইউনিয়নের রুবেল, কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান। তারা তিনজনই বন্ধু।
348960886 921527725569923 2683302295448486968 n 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
নিহত ইমরানের পিতা জানান, অপহৃত ৩ বন্ধু গেল ২৮ এপ্রিল টেকনাফে বেড়াতে যান। পথিমধ্যে বাহারছরা ইউনিয়নের রাজারছরা এলাকায় তাদের সিএনজি গাড়ি থামিয়ে একদল অপহরণকারী পাহাড়ের গহীন জঙ্গলে নিয়ে যায়। পরে তাদের ছেড়ে দিতে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে নির্যাতনের ভিডিও পাঠায়। ঘটনার পরদিন টেকনাফ থানায় ডাইরী করতে গেলে পুলিশ ডাইরী নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি সংস্থায় যোগাযোগ রক্ষা করে। কিন্তু গহীন জঙ্গল এবং অপহরণকারীরা বার বার স্থান পরিবর্তন করায় তাদের উদ্ধার এবং জড়িত কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে অপহতদের আত্মীয় স্বজনেরা তাদের উদ্ধারের জন্য সাংবাদিক সম্মেলন করেছিল।
জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত একজনকে আটক করেছে র‌্যাব। পরে তার স্বীকারোক্তি মতে ঘটনাস্থলে পৌঁছে তিন মরদেহের সন্ধান পাওয়া যায়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.  আবদুল হালিম বলেন, ‘আটককৃত ব্যক্তিকে সঙ্গে নিয়ে টেকনাফের গভীর জঙ্গলে অভিযান চালানো হয়। এসময় ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সহকারী পুলিশ সুপার উখিয়া সার্কেল মো. রাসেল জানান, এ ঘটনায় গত ১০ মে থানায় মামলা দায়ের হয়েছে এবং দুইজনকে আটক করেছে পুলিশ।